chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন লেখক তৈরিতে কাজ করবে চাটগাঁ গবেষণা কেন্দ্র

চট্টগ্রামে ‘অন্বেষা প্রবন্ধ-প্রতিযোগিতা ২০২৫’ ও লেখক এবং গবেষক অধ্যাপক নাজিম উদ্দিন রচিত ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চাটগাঁ গবেষণা কেন্দ্রের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খড়িমাটি প্রকাশনীর প্রকাশক মনিরুল মনির, বইটির লেখক ও CRC–এর প্রতিষ্ঠাতা – শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক নাজিম উদ্দিন। তাঁরা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, মতবিনিময় করেন এবং সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও অতিথিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রকাশক মনিরুল মনির বলেন, “এই বইটি ইতিহাস, জীবন্ত সাক্ষ্য ও জীবনের গল্পের এক আকর্ষণীয় সংমিশ্রণ—একটি অনন্য সৃষ্টি। লেখক নাজিম উদ্দিন চট্টগ্রামের ইতিহাসকে ভাষাগত, রাজনৈতিক, জিনগত ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এক নতুন দৃষ্টিতে তুলে ধরেছেন।“

লেখক নাজিম উদ্দিন জানান, ‘তিনি বইটিতে চট্টগ্রামের ইতিহাসকে উপস্থাপন করেছেন একটি ‘ত্রিমুখী পদ্ধতি’ (triangulation approach)–এর মাধ্যমে, যেখানে প্রামাণ্য ইতিহাসের পাশাপাশি প্রাসঙ্গিক গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রসঙ্গভিত্তিক তথ্য সংযোজিত হয়েছে। তাঁর এই প্রচেষ্টা ইতিহাস পাঠ ও চর্চার এক নবীন ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছে।

পাশাপাশি চাটগাঁ গবেষণা কেন্দ্র সম্পর্কে নাজিম উদ্দিন বলেন, ‘চাটগাঁ গবেষণা কেন্দ্র যেমন পুরাতন লেখক ও গবেষকদের নিয়ে কাজ করবে তেমনি নতুন নতুন লেখক সৃষ্টির লক্ষ্যেও কাজ করে চলেছে। সে লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার, চিন্তা করার এবং লেখার আগ্রহ তৈরি করতে ইতিমধ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি – তা হলো ‘অন্বেষা প্রবন্ধ-প্রতিযোগিতা ২০২৫’। যেখানে স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৭০ জন শিক্ষার্থী ‘আত্মচরিতে চট্টগ্রামের ইতিহাস’ বইটি পড়ে একটি করে প্রবন্ধ জমা দিয়েছে।‘

বই প্রকাশনা অনুষ্ঠানটি আগামী ১ নভেম্বর (শনিবার) ২০২৫ তারিখে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (TIC)–এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সম্পাদকবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, এবং প্রবন্ধ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর