chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় রেজুখালে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত ফরহাদ সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সোনার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ফরহাদ তার পিতার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী রেজুর খালে নৌকায় চড়ে বরশি দিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে নৌকা থেকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে নদীর গভীরে তলিয়ে যায়।

ছেলের চিৎকারে তার পিতা ও আশেপাশের লোকজন ছুটে গেলেও পানির স্রোতে মুহূর্তেই ফরহাদ নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর উদ্ধার অভিযান চালান। অবশেষে রবিবার সকালে অভিযানকারীরা রেজুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানায়, ‘ শনিবার বিকেল ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রোববার সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ‘

ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর