chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় শত কোটি টাকার ইয়াবাসহ নারী কারবারি আটক

কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এলাকা থেকে ১ লাখেরও বেশি ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও ডিজিএফআইয়ের যৌথ দল।

শনিবার মধ্যরাতে র‌্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও ডিজিএফআই কক্সবাজারের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

র‍্যাব সুত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ দলটি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক ডি/১১ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি দিলবাহার (৫০)–এর বসতঘরে তল্লাশি চালিয়ে ১,১২,৪৬৩ (এক লক্ষ বার হাজার চারশত তেষট্টি) পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য শত কোটি টাকা।

অভিযানকালে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় দিলবাহারকে। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক ডি/১১,  মৃত আইয়ুবের স্ত্রী, মৃত লাল মিয়ার কন্যা এবং মৃত বেগম বাহারের সন্তান বলে র‌্যাব জানিয়েছে।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার ( ল এন্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি গণমাধ্যমকে জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানকারীরা সক্রিয় রয়েছে। এ অবস্থায় র‌্যাব নিজস্ব গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর