chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষ, সবজি ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের রাউজানে বয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দিন (৪৪) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার আতুরনীর ঘাটা নামক স্থানে আবদুল অদুদ চৌধুরী সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজিম উদ্দিন উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে নোয়াজিষপুর নতুন বাজার থেকে গহিরা চৌমুহনীর দিকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং কাভার্ড ভ্যানটি ধানক্ষেতে গিয়ে পড়ে।

ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নাজিম উদ্দিন নিহত হন। আহত তিনজনের মধ্যে চালক ধনা মিয়া, এক নারী ও এক শিশু রয়েছেন। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান থানা পুলিশ কাভার্ড ভ্যানচালক ভোলা জেলার মৃত আবদুল হাকিমের ছেলে আমির হোসেন (৬০) এবং সুপারভাইজর মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মৃত কামাল হোসেনের ছেলে মো. ফারুক (২৮) কে আটক করেছে।

চিকদাইর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার বলেন, নিহত নাজিম উদ্দিন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। চট্টগ্রাম নগরী থেকে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা এনে স্থানীয় বাজারে বিক্রি করতেন তিনি। তাঁর ৪ কন্যা সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর