ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ চট্টগ্রামে
ওমানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরেছে।
শনিবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। রাত সোয়া ৯টার দিকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে একে একে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন, বিমানবন্দরে নেমে আসে এক হৃদয়বিদারক পরিবেশ।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সন্দ্বীপ উপজেলার নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সরকারের পক্ষ থেকে নিহতদের দাফন ও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় স্বজনদের হাতে হস্তান্তর করেছে আর্থিক সহায়তার চেক।

মরদেহ হস্তান্তরের পরপরই পৃথক অ্যাম্বুলেন্সে করে স্বজনরা তাদের প্রিয়জনদের শেষবারের মতো নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আটজন বাংলাদেশি। তাদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা।
দীর্ঘ প্রবাস জীবনের সংগ্রাম শেষে দেশে ফেরা হলো না তাদের—ফিরলেন শোকবাহী কফিনে।
তাসু/চখ
