chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে আবারও অস্ত্রের ঝনঝনানি

উখিয়ায় এলজি ও গুলিসহ আটক এক রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় ক্রমেই বেড়ে চলেছে অস্ত্রধারী রোহিঙ্গাদের দাপট। নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়েছে এক রোহিঙ্গা যুবক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান (এলজি) ও এক রাউন্ড তাজা গুলি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ার জনৈক রফিকের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করে উখিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ তৈয়ব (২৬)। তিনি মৃত ছাব্বির আহম্মদের পুত্র এবং রোহিঙ্গা ক্যাম্প-১৯, ব্লক-সি/১০ (এফসিএন-২১০৫০৬৯) এর বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্ত্রধারী রোহিঙ্গাদের দাপট বৃদ্ধি পেয়েছে। তারা মাদক, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও এসব অপরাধমূলক কর্মকাণ্ড থামছে না বলে দাবি এলাকাবাসীর।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জিয়াউল হক জানিয়েছেন, পুলিশের নিয়মিত অভিযান  চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তৈয়ব নামে এক রোহিঙ্গাকে কাছে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড তাজা গুলিসহ হাতে-নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর