পুলিশ কনস্টেবলের মাথা ফাটালেন সেলসম্যান
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট হক টাওয়ারের সামনে কাভার্ড ভ্যান রাখতে নিষেধ করায় মো. আজাদ উদ্দিন (৩৮) নামের এক পুলিশ কনস্টেবলের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে ।
আহত পুলিশ কনস্টেবল মো. আজাদ উদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আফজল নগর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি এক বছর ধরে কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত রয়েছেন।
অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২), সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতের চর এলাকার সোনা মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে বিক্রয় প্রতিনিধি আবু বক্কর মহাসড়কের উপর কাভার্ড ভ্যান রেখে দোকানে বেবি ডায়পার নামাচ্ছিলেন। এতে যানজটের আশঙ্কা তৈরি হলে ট্রাফিক কনস্টেবল আজাদ উদ্দিন গাড়িটি সরিয়ে রাখতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে আধা ঘণ্টা পর বিক্রয় প্রতিনিধি আবু বক্কর আবারও পুলিশকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন এবং মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। কনস্টেবল আজাদ তাকে বাধা দিলে বক্কর তাকে ধাক্কা দেন।
এসময় আজাদ তার হাতে থাকা লাঠি দিয়ে বিক্রয় প্রতিনিধির শরীরে আঘাত করেন। ঘটনার একপর্যায়ে আবু বক্কর পাশের একটি দোকান থেকে স্টিলের টুল নিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করেন, এতে তার মাথা ফেটে যায়। সহকর্মীরা আহত কনস্টেবলকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত কনস্টেবল মো. আজাদ উদ্দিন বলেন, “ওই বিক্রয় প্রতিনিধি মহাসড়কে গাড়ি রেখে মালামাল নামাচ্ছিল। আমি সরাতে বললে সে ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করে। পরে টিআই স্যারসহ বিষয়টি মার্কেট মালিককে জানাই। কিছুক্ষণ পর সে আবার অকথ্য ভাষায় গালাগাল করে ভিডিও করতে থাকে। আমি বাধা দিলে সে টুল দিয়ে মাথায় আঘাত করে। পরে ইট ছুড়ে মারতে যায়।”
সাতকানিয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, “সকালে মহাসড়কে কাভার্ড ভ্যান রেখে মাল নামানোয় আমি আজাদকে বলি গাড়ি সরাতে। বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা কাটাকাটি হয়, আমি গিয়ে শান্ত করি। পরে সে আবার ভিডিও করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে টুল দিয়ে কনস্টেবল আজাদকে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, “আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতের কারণে দুটি সেলাই দিতে হয়েছে। তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। জটিলতা দেখা দিলে সিটিস্ক্যান করে উন্নত চিকিৎসা নিতে হবে।”
অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্করের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন, “আমি বর্তমানে থানায় আছি, পরে বিস্তারিত জানাবো।”
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ও আহত উভয়ের বক্তব্য শুনে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চখ
