chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসচালক ও হেলপার ধরা

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের চালক ও হেলপারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের বড়তাকিয়া বাজারস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলগামী সড়কের সংযোগস্থলে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

মিরসরাই থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় বাসের চালক ও  হেলপারসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বাসচালক রুবেল বেপারী (৩৭), ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে, এবং হেলপার মিরাজুল ইসলাম (৪২), ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে।

ওসি আতিকুর রহমান জানান, সন্দেহভাজন বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে চালকের সিটের ডান পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর