নানিয়ারচরে ইউপিডিএফের দুই সশস্ত্র সদস্য আটক
রাঙামাটির নানিয়ারচরে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে নানিয়ারচর সেনা জোনের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর জোনের সেনা সদস্যরা বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। এসময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসছিল।
সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে ঘুরে পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়। তাদের একজন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা।
তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়,১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রসিদ।
নানিয়ারচর সেনা জোন সূত্রে জানা যায়, ’আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা আদায়, অস্ত্র ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।’
এসময় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ”সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর।”
রেজা/চখ
