আনোয়ারায় খাদ্য গুদাম নির্মাণকাজ পরিদর্শনে উপদেষ্টা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষম খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি আনোয়ারার সদরে প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
এ সময় ঠিকাদার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি নির্ধারিত সময়ে নির্মাণকাজ সম্পন্ন করার তাগিদ দেন।
প্রকল্প সূত্র জানায়, “দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ” প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রায় ১০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হবে।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আনোয়ারায় বর্তমানে এক হাজার মেট্রিকটন ধারণক্ষম খাদ্য গুদাম রয়েছে। এর পাশাপাশি আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষম একটি নতুন গুদামের কাজ দ্রুত এগোচ্ছে। আশা করা যায়, আগামী জুনের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।
পরিদর্শনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা উপস্থিত ছিলেন।
তাসু/চখ
