পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে আহত ১২
চট্টগ্রামের পটিয়ার আমজুরহাট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুই ঈগল পরিবহনের বাসের সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি ঈগল পরিবহনের বাস পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে উভয় বাসের যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে ৮জনকে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তারা হলেন – নোয়াখালীর মো. সুমন (৩৩) ও আবদুল বারেক (৪০), নগরীর তুলাতলীর নেছার (৪৫) ও মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশের রওশনহাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭)।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, আটজন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে নেছার নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, সকাল ৯টার কিছু পর দুই ঈগল পরিবহনের বাসের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। একটি বাস জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনিত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাসু/চখ
