chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের মফস্বলে ভোর ও সন্ধ্যায় পড়ছে কুয়াশা

চট্টগ্রামে ইতোমধ্যে মফস্বলে ভোর ও সন্ধ্যায় ঘন কুয়াশা পড়ছে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। সকালের আকাশ অনেকটাই কুয়াশাচ্ছন্ন থাকে। সকালে এই কুয়াশা সাধারণত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় বেশি দেখা যায় এবং এর ফলে দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকে। আগের আমলে প্রচলিত ছিল “আশ্বিনে গা করে শিন শিন।” এবার আশ্বিনে গা শিন শিন না করলেও কার্তিকের শুরুতেই শীতের আমেজ লক্ষণীয়। পৌষ আসতে এখনো বেশ বাকি। কিন্তু প্রকৃতি এখনই শীতের পরশ বুলিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ভোর থেকেই দেখা মিলছে ঘন কুয়াশার। শেষরাতে একটা কিছু গায়ে না জড়িয়ে আরামে ঘুমানো যাচ্ছে না। চট্টগ্রামের উপজেলাগুলোতে এমন অবস্থা। শহরেও এর ব্যতিক্রম নয়।

চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, মিরসরাই, বোয়ালখালী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালীতে মাঝারি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

দেখা গেছে, রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল চট্টগ্রামের বিভিন্ন উপজেলা।

শীতের এই অনুভূতি উপভোগ করতে ইতোমধ্যে রূপসী বাংলার ঘরে ঘরে তুলে রাখা পাতলা কাঁথা আর চাদর কম্বল স্থান পেতে শুরু করেছে খাট চৌকিতে।

সরেজমিন দেখা যায় যে, চট্টগ্রামের উপজেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষীরা। কৃষিনির্ভর পরিবারের কৃষকরা জমিতে গিয়ে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। কুয়াশার মধ্যেই দেখা যাচ্ছে আবহমান বাংলার চিরচেনা এসব দৃশ্য।

প্রকৃতি সাজতে শুরু করছে নতুন সাজে। ধানের পাতায়, ঘাসের ডগায় জমতে শুরু করেছে শিশির বিন্দু। সূর্যের আলোতে মুক্তোর দানার মত চকচক করে সৃষ্টি করে এক অপরুপ সৌন্দর্য। তেজহীন রোদ আর সবুজ ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দুর শীতল স্পর্শ  জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। ধানের সোনালী শীষ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে দিগন্ত জুড়ে। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। মসজিদ মক্তবে পড়ুয়া শিশুদের কুয়াশা ভেদ করে হেঁটে যাওয়ার এক অপরূপ দৃশ্য। মহা সড়কে ইজিবাইক, বাস, ট্রাক, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ধীরগতিতে। ভোরের ঘন কুয়াশার স্নিগ্ধতায় বিরাজ করছে অন্যরকম এক প্রাকৃতিক পরিবেশ। উচ্ছ্বসিত হচ্ছেন প্রাতভ্রমণকারীগন, কর্মক্ষেত্রে গমনকারী আর মক্তবের উদ্দেশ্যে গমনকারী ছোট শিশু কিশোররা।

প্রকৃতির এই রূপ অনেকের কাছেই প্রিয় হওয়ায় হেমন্ত অনেক বাঙালির কাছে প্রিয় ঋতু। এখন থেকে যতই দিন গড়াবে পৌষের দিকে, ততই সাইবেরিয়ান বায়ুপ্রবাহ বাড়বে এ দেশ অভিমুখে। হিমালয় সংলগ্ন এলাকা হিসেবে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে জেঁকে বসবে শীত। পাশাপাশি বাড়ছে কুয়াশা। রাত পেরিয়ে যখন ভোরের আগমন ঘটে তখন গাঢ় কুয়াশার দেখা মেলে কোথাও। তার মধ্যেই উঁকি দেয় নবীন সূর্য। শীতের এই অনুভূতি উপভোগ করতে ইতোমধ্যে রূপসী বাংলার ঘরে ঘরে তুলে রাখা পাতলা কাঁথা আর চাদর কম্বল স্থান পেতে শুরু করেছে খাট চৌকিতে।

পটিয়া পৌরসভার এলাকার বাসিন্দা কাওছার আলম বলেন, এক সপ্তাহ হলো রাতে শীত অনুভূত হচ্ছে। কিন্তু দিনে সূর্যের তাপ ছড়ালে গরম লাগে। সকালে ঘন কুয়াশার চাদরে পুরো এলাকা ঢাকা থাকে। সড়কের হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।

এ উপজেলায় সকালে হাঁটতে বের হওয়া এক ব্যবসায়ী বলেন, গত কয়েকদিন ধরে ভোর বেলায় কুয়াশা দেখা দেওয়ায় শীত শীত অনুভূত হচ্ছে। তাছাড়া দিনে গরম লাগলে ও মাঝরাতে শীত করছে। সকাল বেলা হাঁটতে খুব ভাল লাগলেও কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত এসে গেছে।

এ সময়ের ঘন কুয়াশা এ বছর শীতের তীব্রতা বৃদ্ধির জানান দেয়। উপরন্ত শেষ রাতে শরীরে কাঁথা, চাদর জড়াতে হচ্ছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর