chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের বাসায় দুদকের অভিযান, ২৩ বস্তা নথিপত্র জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে জাবেদের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের (৫০) বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে দুদকের এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এরই অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক ছয়টি মামলা করেছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বুধবারও সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার সূত্র ধরে বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে উৎপল পাল ও আবদুল আজিজ নামের সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করে দুদক। তাঁরা পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। তাঁদের দেওয়া তথ্যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে নথিপত্রগুলো জব্দ করা হয়।

এর আগে দুদক গত বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালায়। কিন্তু এসময় বাড়িতে কোন নথিপত্র পাওয়া যায় নি। তবে এ সময় আশপাশের কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করে দুদক কর্মকর্তারা। অভিযানে চালক ইলিয়াস তালুকদারকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী লাকী আকতার (৩০) ও প্রতিবেশী সাহাব উদ্দিন তালুকদারের স্ত্রী ঝুমা আকতারকে (২৬) আটক করে নিয়ে যায় দুদক। পরে এদের থেকে মুচলেকা নিয়ে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়। পরিবারের জিম্মায় তাঁদেরকে ছেড়ে দিতে নির্দেশনা দিয়ে চলে যান দুদক কর্মকর্তারা।

এদিকে, জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার দিবাগত রাতে ফের অভিযান চালায় দুদক। প্রায় দুইঘন্টর অভিযানে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানসহ দুদকের একটি টিম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ  বলেন, ঢাকা থেকে আসা দুদকের একটি দল জব্দ করা কাগজপত্রগুলো যাচাই-বাছাই করছে। এরপর বিস্তারিত জানা যাবে কাগজপত্র গুলো কিসের।

দুদক ঢাকার উপপরিচালক মশিউর রহমান বলেন, ‘আমরা রুখমিলা জামান চৌধুরীর গাড়ির চালক মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছি। এগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

চখ/রেজা

এই বিভাগের আরও খবর