আনোয়ারায় ১হাজার শিক্ষার্থী-অভিভাবক পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার ১হাজারের অধিক শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, শিশু ক্যান্সার সচেতনতা ও পরীক্ষাসহ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, বিশেষ অতিথি হিসেবে প্রথম সহকারী জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, দ্বিতীয় সহকারী জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর সভাপতি লায়ন মো. ইকবাল হোসেন সুমন, রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে পৃথিবীর ২১২টি দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজ এখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আমরা ব্যক্তিগত পর্যায় থেকে এসব মানবসেবা পরিচালনা করে থাকি।
চখ/রেজা
