chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় কোদালের কোপে প্রাণ গেল ব্যবসায়ীর

লোহাগাড়ায় জায়গার বিরোধের জেরে  চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার আধুনগর ৮ নম্বর ওয়ার্ডের ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহ আলম(৫৪)। তিনি ওই এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে ও আধুনগরের লেপতোশক ব্যবসায়ী। অভিযুক্ত আলী শাহনেওয়াজ লাভলু(৫২) একই এলাকার  মৃত মোজাহের মেম্বারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহতের স্বজন ফরিদুল আলম জানান, নিহতের চাচাতো ভাই আলী শাহনেওয়াজ লাভলু বাড়ির সামনে কাজ করতে গিয়ে রাস্তাসহ দখল করছিলেন। ঘটনার দিন শাহ আলম বাধা দিলে লাভলু তাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। এতে শাহ আলম মাটিতে পরে যায়। পরে আবার কোদাল নিয়ে শাহ আলমের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোজাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বাড়ির পাশে রাস্তা মেরামত করা নিয়ে শাহ আলমের সঙ্গে তার চাচাতো ভাই লাভলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাভলু হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় ও ঘাড়ে আঘাত করেন।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত লাভলু পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর