টেকনাফে বিজিবির হাতে ৫ মানবপাচাকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ জন মানবপাচারকারী সদস্যদের গ্রেপ্তার করেছে বিজিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন -টেকনাফ সদর ইউপি ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরি এলাকার এখলাছ মিয়ার ছেলে সৈয়দ আলম, ইয়াহিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ, ইউনুস আলীর ছেলে মোঃ রিদুয়ান হোসেন,কেফায়েত উল্লাহ’র ছেলে নুরুল আফসার,মৃত দিল মোহাম্মদের ছেলে আব্দুল হাকিম। এ ঘটনায় আরো চারজনকে পলাতক আসামি করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,বেশ কিছু দিন যাবত কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ হতে মায়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত। যার পরিপ্রেক্ষিতে,গেল ১০ সেপ্টেম্বর গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) একটি বিশেষ অভিযান সফলভাবে পরিচালনা করেছে । গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে সাবরাং সীমান্ত এলাকা থেকে একটি সংগঠিত পাচারকারী দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
বিজিবির অধিনায়ক আরো জানান,চলতি বছরের অদ্যবধি পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানগুলোতে সঙ্গবদ্ধ মানব পাচারকারী চক্রের সর্বমোট ৪৭ জনকে আটক করা হয়েছে এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে। তবে চক্রের মূল হোতা এবং বাকি সদস্যদের আটকে আরও অভিযান পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন। এলাকাবাসীর বরাতে তিনি জানান,পাচারকারী চক্রের পলাতক সদস্যদের সকলকে আটক করা হলে অপরাধীদের দৌরাত্ব কমে যাবে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পরিচালিত চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্যও পেয়েছেন বলে দাবি করেন বিজিবির ওই কর্মকর্তা।
◑ ফখ|চখ
