মিরসরাইয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভাডভ্যানের নিচে, শিশুসহ নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন নিহত সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। এর মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে আসেন। তাদের চট্টগ্রামের ফয়েসলেক ঘুরে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা ছিল।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায়কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
◑ ফখ|চখ