chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পরই করিডোরে সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে যান। এর প্রায় ১০ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্স তাকে এনাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কার্ডিয়াক অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

অধ্যাপক শামীম রেজা বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি এলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিক্যাল কলেজে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসাথে সব হলের সংসদের গণনা শেষ হয়নি। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরাসহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর