উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু এবং হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বিকাল চারটার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
দীর্ঘ সাড়ে ছয় বছর ও আওয়ামী লীগ সরকারের পতনের পর হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন।
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উৎসাহ ও উদ্দীপনা। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা।
ভোট নিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বুথ ও কেন্দ্র প্রস্তুত করা হয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
নির্বাচনে ৮টি কেন্দ্রের মধ্যে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলো হলো-ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ এবং শারীরিক শিক্ষা কেন্দ্র।
নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বুথে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একজন ভোটার গড়ে প্রায় ১০ মিনিট সময় নিয়ে ভোট দিতে পারবেন। শিক্ষার্থীদের যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে অসুবিধা না হয়, সে জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

কোন হলের ভোট কত
ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ৬৬৫ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ২৯৮, অমর একুশে হলে ১ হাজার ৩০০, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৮০, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০৭, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭২, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ৫, বিজয় একাত্তর হলে ২ হাজার ৪৩ এবং জগন্নাথ হলে ২ হাজার ২২৫টি ভোট।
ছাত্রীদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট রোকেয়া হলে—৫ হাজার ৬৬৫টি। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১১০, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪৫, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৬, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।
নিচ্ছিদ্র নিরাপত্তা
ক্যাম্পাসে নির্বাচনের দিন কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। প্রবেশের সময় ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং পানির বোতল সঙ্গে নিয়ে আসা যাবে না।
নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই প্রবেশপথে চেকপোস্ট থাকবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিতে আসবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ক্যাম্পাসে সাধারণ প্রবেশ বন্ধ রাখা হয়েছে। ফলে শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
ডাকসু নির্বাচনে অন্যবারের তুলনায় এবার ব্যালটের আকার বেড়েছে। থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে দিতে হবে এই ভোট।

নির্বাচনে ২৮ পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী হয়েছেন। ১৮ হল সংসদে নির্বাচন হবে ১৩ পদে করে। হল সংসদের ২৩৪ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে এবার প্রত্যেক ভোটারকে ৪১ ভোট দিতে হবে।
ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। এই ভিডিও চিত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি ভোট দিতে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে তিনটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব সভায়ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন ভোটারদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।
◑ ফখ|চখ
