chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদ্যুৎস্পৃষ্টে গেল আরও এক প্রাণ

আনোয়ারায় হাতির ফাঁদে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণ ঠেকাতে ধানক্ষেতে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ খান বৈরাগ ইউনিয়নের খানবাড়ির বাসিন্দা আব্দুল হাফেজের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে জাহেদ ছিলেন সবার ছোট। কৃষিকাজ ও গবাদি পশুর দেখভাল করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী নিহতের খালাতো ভাই শাকিল জানান, “প্রতিদিনের মতো জাহেদ গরু দেখতে গেলে স্থানীয় জাফর মাষ্টারের ছেলের লাগানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।”

তবে অভিযোগ অস্বীকার করে জাফর মাষ্টারের ছেলে মাসুদ বিন জাফর বলেন, “সেখানে একাধিক পরিবারের ফাঁদ ছিল। কোন ফাঁদে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত নয়।”

একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচরে পাকা দালানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়। তিনি আবু তাহেরের ছেলে এবং দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বলেন, “দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “বৈরাগের ঘটনার পর মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। বরুমচড়ার ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।”

চখ/রেজা

এই বিভাগের আরও খবর