chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে সারাদেশে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দু’জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৮৩, বরিশাল বিভাগে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৭ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর