চট্টগ্রামে তৈরি হচ্ছে নকল পাওয়ার অয়েল, জরিমানা ২ লাখ
অনুমোদন ছাড়াই পানি উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নকল তেল তৈরির অভিযোগে একটি পানি প্যাকেজিং ফ্যাক্টরি সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নগরীর খাজা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, খাজা রোড এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়া পানি প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ করছিল সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। এমনকি পানির ফ্যাক্টরির আড়ালে নিজস্ব নামে নকল স্টারিং পাওয়ার অয়েল তৈরির কারণে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হলকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় আল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
চখ/ককন