সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তালেবুর রহমান জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জনশৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র এবং বেআইনি সমাবেশে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই ষড়যন্ত্রের সঙ্গে ‘মঞ্চ-৭১’ নামের একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সংশ্লিষ্টতা রয়েছে। এরইমধ্যে প্ল্যাটফর্মটি গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।
আবু আলম মোহাম্মদ শহীদ খান দীর্ঘ ৩০ বছর সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছিলেন। সরকারের সচিব হিসেবে ওই বছরের ১৭ জানুয়ারি অবসর গ্রহণের পর ২০ জানুয়ারি তিনি টেলিভিশনটির শীর্ষ পদে যোগ দেন। ছাত্রজীবনে তিনি বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
ফখ|চথ