chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১২ অক্টোবর শেষ হবে হজের প্রাথমিক নিবন্ধন

২০২৬ সালে হজে যেতে প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ বার্তা বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। এ অবস্থায়, হজের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত বার্তা বহুল প্রচারের জন্য সব মোবাইল অপারেটর কোম্পানিকে বিনামূল্যে ক্ষুদেবার্তার মাধ্যমে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে চলতি বছরের ১২ অক্টোবরের মধ্যে ২০২৬ সালের হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণসাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস হতে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবে। তবে বেসরকারি মাধ্যমে হজপালনে ইচ্ছুক ব্যক্তিদেরকে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর