chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি।’

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং ১ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এসব পরিকল্পনা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি।

তিনি বলেন, বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। হাসিনার পালিয়ে যাওয়ার পর এক বছর সময় হয়ে গেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই।

আমীর খসরু বলেন, গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল।

চখ/ককন

এই বিভাগের আরও খবর