chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চ্যাটজিপিটিতে অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালুর ঘোষণা

তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই ওপেনএআই ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটিতে অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালুর পরিকল্পনা। এই পদক্ষেপের লক্ষ্য হলো কিশোর-কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করা ও পরিবারের নিয়ন্ত্রণ বৃদ্ধি।

ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই কোম্পানিটি জানিয়েছে, অভিভাবকরা তাদের সন্তানদের চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, চ্যাট ইতিহাস বা মেমরি বন্ধ করতে পারবেন এবং বয়স-উপযোগী উত্তরদানের নির্দেশনা নির্ধারণ করতে পারবেন। কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক কষ্টের লক্ষণ দেখা দিলে অভিভাবকরা নোটিফিকেশনও পাবেন।

এই সিদ্ধান্ত এসেছে এক কিশোরের আত্মহত্যা ঘিরে দায়ের হওয়া মামলার এক সপ্তাহ পর। অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি ওই কিশোরকে আত্ম-ধ্বংসাত্মক চিন্তায় উৎসাহ দিয়েছে। যদিও ওপেনএআই মামলার কথা সরাসরি উল্লেখ করেনি, তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক পদক্ষেপ এবং আগামী ১২০ দিনের মধ্যে আরও অগ্রগতি তুলে ধরা হবে।

বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলেছেন, এটি বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ হওয়া উচিত, সমাধান নয়। বিশেষ করে আত্মহত্যার ঝুঁকি রয়েছে এমন পরিস্থিতিতে এআই ব্যবহারের নিরাপত্তা ও দায়িত্বশীলতা আরও বাড়ানো জরুরি।

মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যক্তিদের জন্য এটি প্রযুক্তি শিল্পের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন গবেষকরা।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর