পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
চট্টগ্রাম জেলার পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সৌদিয়া নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সৌদিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খাজা মিয়ার ছেলে। তিনি পটিয়া পৌরসভার বৌদ্ধ মন্দির সংলগ্ন পল্লী মঙ্গল আলমগীরের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, সৌদিয়া তার রিকশা ছিনতাই কাজে বাধা দেওয়ার কারণে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মোটর গ্যারেজের মিস্ত্রি মুকুল জানান, দীর্ঘদিন ধরে সৌদিয়া পটিয়ায় রিকশা চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যাত্রী ভেসে ছিনতাইকারীরা রিকশায় উঠে কেচিয়াপাড়ায় নিয়ে ছুরিকাঘাত করে খুন করে সৌদিয়াকে। তিনি তাৎক্ষণিকভাবে নিহতের আত্মীয় শাফিউল ইসলামকে খবরটি জানান।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, কি কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
◑ ফখ|চখ
