chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইসিসির পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার এবার বিসিবিতে

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে পাঁচবার টানা বর্ষসেরা আম্পায়ার হওয়ার রেকর্ড তার হাতে। এমন একজন এবার দক্ষতা শেখাবেন বাংলাদেশি আম্পায়ারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের আম্পায়ার ও অফিসিয়ালদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। যেখানে আইসিসির সাবেক এলিট প্যানেলের অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলকে নিয়োগ দিয়েছে দুই বছরের চুক্তিতে।

শুরুর দিকে শোনা গেলেও তিন বছরের চুক্তি হতে পারে, তবে গতকাল বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, আগামী দুই বছর তিনি দেশের আম্পায়ার ও অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কাজ করবেন।

সাইমন টোফেল আন্তর্জাতিক ক্রিকেটে এক নামকরা পরিচয়। ১৯৯৯ সালে তিনি প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং শুরু করেন এবং ২০০০ সালে টেস্ট ম্যাচে আম্পায়ার হওয়ার সুযোগ পান। দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে তিনি আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন। ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত প্রায় এক দশক তিনি বিশ্বের সেরা আম্পায়ারদের একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিসির মেগা ইভেন্ট, অ্যাশেজ সিরিজসহ বহু রোমাঞ্চকর লড়াইতে তার অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে তিনি ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের খেতাব অর্জন করেছেন টোফেল। এই রেকর্ড তার ব্যতিক্রমী দক্ষতা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ।

বিসিবিতে তার নিয়োগ প্রসঙ্গে বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সম্প্রতি আমরা সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বিভিন্ন দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করেন এবং আইসিসির সঙ্গে যুক্ত। প্রায় ৪–৫ মাস ধরে আমাদের সঙ্গে আলোচনা চলছিল। আজ বোর্ডের অনুমোদনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়েছে।’

এই নিয়োগ দেশের আম্পায়ারিং মান উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে। বিসিবির লক্ষ্য, তার অভিজ্ঞতা ব্যবহার করে দেশের ক্রিকেটের মান আরও উন্নত করা আন্তর্জাতিক পর্যায়ে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর