chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় চার দশকের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত রাজকীয় বিদায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা কাজী মো. আবুল কালামকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের অবসানে ঘোড়ার গাড়ীতে রাজকীয় বিদায় দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আবৃত্তি, সংগীত পরিবেশন ও স্মারক প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদায়ী শিক্ষক মাওলানা কাজী মো. আবুল কালাম অনুভূতি ব্যক্ত করে বলেন, “জীবনের বড় একটি অংশ এই প্রতিষ্ঠানে কাটিয়েছি। চেষ্টা করেছি অর্পিত দায়িত্ব ও শিক্ষার্থীদের হক যথাযথভাবে পালন করতে। হয়তো আনুষ্ঠানিকভাবে আর ক্লাস নেওয়া হবে না, কিন্তু আমৃত্যু যদি শিক্ষার্থীদের পাঠদানে থাকতে পারতাম, সেটাই হতো আমার জন্য বড় পাওয়া।”

প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান বলেন, “আমাদের সহকর্মী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষ করেছেন। আমরা চেয়েছি তার বিদায়কে সম্মানজনক করতে। সাধারণত বিদায়ী শিক্ষকদের একটি ছাতা বা কাপড় দিয়ে বিদায় জানানো হয়, যা দৃষ্টিকটু ও অসম্মানজনক। তাই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়েছে।”

আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন এবং প্রধান আলোচক ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ওসমান গণি। এছাড়া মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর