নুরকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে: ঢামেক পরিচালক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রি, জে. মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়েছে, সেটা ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে।
এর আগে ৩১ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
ঢাকা মেডিকেলে নুরের চিকিৎসায় সন্তুষ্ট নন জানিয়ে রাশেদ বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নুরকে সিঙ্গাপুর কিংবা যুক্তরাষ্ট্রে নেয়ার দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
মআ/চখ
