chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: শাহজাহান

বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক নির্বাচন। ইন্টেরিম সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানাই, আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোট কুক্ষিগত করার কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। ভোটকে সামনে রেখে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টাকে রুখে দিতে হবে। আর এই পরিবেশ নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে

শুক্রবার নগরের হোটেল সৈকতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘জাতীয় নির্বাচন : শ্রমিক নেতৃবৃন্দের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম । আরও বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান, চট্টগ্রাম মহানগরের জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী,চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী শফিউল আলম।

কর্মশালার বিশেষ অতিথি নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অবদানকে স্মরণ করে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অবদান কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। শ্রমজীবী মানুষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আমরা শ্রমিকদের এই সাহস থেকে প্রেরণা গ্রহণ করে আগামী দিনে ফ্যাসিবাদমুক্ত, শ্রমিকবান্ধব ও নাগরিকবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে চাই।

সভাপতি বক্তব্য এস এম লুৎফর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জুলাই বিপ্লবকে যারা ধারণ করে, শ্রমিকরা তাদের পক্ষ নেবে। কথায় কথায় যারা এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদেরকে শ্রমিকরা রেড কার্ড দেখাবে। যারা শ্রমিকদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, শ্রমিকরা তাদের ক্ষমা করবে না। আমরা আমাদের রাজনৈতিক বন্ধুদের বলতে চাই, পুরোনো যুগের সন্ত্রাসনির্ভর রাজনীতি পরিহার করুন। সুস্থ ধারার রাজনীতি করুন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বহিষ্কারের নাটক নয়; কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এদেশের মানুষ আর কোনো অপরাজনীতি সহ্য করবে না। সুতরাং সময় থাকতে সাবধান হোন।  জুলাইয়ের গণঅভ্যত্থানকে ধারণ করুন। জনগণের মনের ভাষা উপলব্ধি করে নতুন ধারার রাজনীতির সূচনা করুন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, কোষাধক্ষ্য মোহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান,  শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক।

চখ/ককন

এই বিভাগের আরও খবর