chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসি-আলবার সোনালি গল্পে ফাইনালে ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেই বাজিমাত করলেন লিওনেল মেসি। ইনজুরির কারণে টানা দুই ম্যাচ বাইরে ছিলেন তিনি। সেই অনিশ্চয়তা ছাপিয়ে এবার লিগস কাপ সেমিফাইনালে মাঠে নামলেন জর্দি আলবার সঙ্গে। আর এই বার্সেলোনা যুগলের নান্দনিক সমন্বয়েই ভিন্নমাত্রা পেল মায়ামির খেলা। ফলাফল-অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে পা রাখল হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।

প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়েও শেষ ১৫ মিনিটে ম্যাচে নাটকীয় মোড় আনে মায়ামি। ইনজুরির ধাক্কা সামলে ফেরা মেসি একাই বদলে দেন ম্যাচের চিত্রনাট্য। ৭৫ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে সমতায় ফেরান দলকে, এরপর ৮৮ মিনিটে জর্দি আলবার সহায়তায় দুর্দান্ত এক গোল করে এগিয়ে দেন দলকে।

মেসি ও আলবার চোট নিয়ে শুরুতেই ছিল নানা জল্পনা। কোয়ার্টার ফাইনালে তিগ্রেসের বিপক্ষে আলবা মাঠ ছাড়েন চোট পেয়ে, মেসিও ছিলেন সাইডলাইনে। সেমিফাইনালে এ দুজনকে পাওয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে ছিল। তবে ম্যাচ শুরুর একাদশেই দুজনের নাম দেখে উচ্ছ্বসিত হন মায়ামি সমর্থকরা।

প্রথমার্ধের শেষ মিনিটে অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচ ফ্যালকনের ভুল কাজে লাগিয়ে বাঁ পায়ে দুর্দান্ত শটে গোল করেন। ফ্যালকনের হ্যান্ডবলের আপত্তি আমলে নেননি রেফারি।

৭৫ মিনিটে মায়ামির উইঙ্গার তাদেও আয়েন্দেকে বক্সে ফেলে দেন অরল্যান্ডোর ডিফেন্ডার ব্রেকালো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। স্পট কিক থেকে গোল করে সমতায় ফেরান মেসি।

৮৮ মিনিটে ক্লাসিক বার্সেলোনা সমন্বয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। আলবার দেওয়া পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ।ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়ার পাসে ম্যাচের শেষ গোল করেন লুইস সুয়ারেজ।

এই ম্যাচে জোড়া গোলের পর ইন্টার মায়ামির হয়ে ৩৩ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৭-এ। শুধু দলের নয়, পুরো টুর্নামেন্টেই তার প্রভাব স্পষ্ট।

এই জয়ে ইন্টার মায়ামি শুধু লিগস কাপের ফাইনালেই ওঠেনি, নিশ্চিত করেছে আগামী বছরের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের টিকিটও। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যকার জয়ী দল।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর