chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বল হাতে সফল, ব্যাটে ব্যর্থ সাকিব

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার গল্প লিখছেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলা এই অলরাউন্ডার চার ম্যাচ শেষে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দলের ৮ রানের জয়েও সাকিব ছিলেন ম্লান। ব্যাট হাতে নামেন ছয় নম্বরে, খেলেন ১৩ বলে মাত্র ৭ রান। বোলিংয়ে মাত্র এক ওভার করার সুযোগ পান, তবে সেটিতেই ২ রান দিয়ে ড্যারেন ব্রাভোর উইকেট তুলে নেন। উইকেট পেলেও অধিনায়ক ইমাদ ওয়াসিম আর তাকে আক্রমণে ডাকেননি।

তবে দলীয় সাফল্যে তার অবদান আংশিক। ব্যাটিংয়ে বড় রান না পেলেও শর্ট ফাইন লেগে সুনীল নারাইনের ক্যাচটি দারুণভাবে ধরেন তিনি। সেই সময়ে দলের স্কোর ছিল ৭৭/৫, যা ম্যাচের মোড় ঘোরাতে সাহায্য করে।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৬৭ রান। ফ্যাবিয়ান অ্যালেন ২০ বলে ঝোড়ো ৪৫ রান করেন, অপরাজিত থাকেন অধিনায়ক ইমাদ ওয়াসিম (২৭ বলে ৩৯)। রান তাড়ায় ত্রিনবাগো শেষ ওভারে পৌঁছেও পোলার্ডদের ১৫৯ রানে থামিয়ে দেয় অ্যান্টিগা। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন শামার স্প্রিঙ্গার, তবে ম্যাচসেরা নির্বাচিত হন ৪ উইকেট নেওয়া ওবেদ ম্যাকয়।

সাকিবের দলে এটি ছিল চার ম্যাচে দ্বিতীয় জয়। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে প্রশ্ন থেকেই যাচ্ছে-ব্যাট হাতে তিন ম্যাচে মোট ৩১ রান, বোলিংয়ে নিয়মিত সুযোগ পাচ্ছেন না!

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর