chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ৩৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি ধরা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় র‌্যাব-৭ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার রাতে করেরহাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব ।  কয়েকজন মাদক কারবারি খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে সিএনজি করে গাঁজা এনে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছে এ তথ্যের ভিত্তিতে তল্লাশি করে র‌্যাব।

এসময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করলে এর ভেতরে দুটি প্লাস্টিকের বস্তা ও একটি ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন— মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৭), পিতা-মৃত নুরুল আলম মজুমদার, সাং-রামগড়, খাগড়াছড়ি, সুশান্ত সূত্রধর (৩১), পিতা-বাবুল সূত্রধর, সাং-আনন্দপাড়া, খাগড়াছড়ি, মোঃ আলী আজগর লিটন (৩৬), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-দারোগাপাড়া, রামগড়, খাগড়াছড়ি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে সিএনজি ব্যবহার করে মাদক এনে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক ও সিএনজি জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর