chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিব নিষিদ্ধের সেই মার্শাল এবার বিসিবির পরামর্শক

ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)। তবুও ঘরোয়া টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিসিবি এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে। আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। যার নামটি জড়িয়ে আছে সাকিব আল হাসান নিষিদ্ধের সঙ্গেও!

অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নিতে আজ সোমবার ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল। তিনি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট ও আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ করবেন। অতীতে আকু কীভাবে কাজ করেছে, সেটিও খতিয়ে দেখবেন তিনি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাই অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা তাকে পরামর্শক হিসেবে আনছি।’

অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পর ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন। পরে তাকে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও দেওয়া হয়। তবে সেটি আলাদা হওয়ার পর তিনি কেবল দুর্নীতি দমনেই মনোযোগ দেন।

আইসিসিতে দায়িত্ব পালনকালে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে সাড়া ফেলেন। তার আমলেই ২০১৯ সালে দেশটির সাবেক অধিনায়ক সানাথ জয়াসুরিয়া তদন্তে অসহযোগিতার কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। একই সময়ে আরও দুজন আন্তর্জাতিক ক্রিকেটার নিষিদ্ধ হন, যার একজন বাংলাদেশের সাকিব আল হাসান।

২০১৯ সালে সাকিবকে দুর্নীতির প্রস্তাব আকসুকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি (এক বছর স্থগিত)। এছাড়া ২০২১ সালে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককেও ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়, তখনো আইসিসির দায়িত্বে ছিলেন মার্শাল।

আইসিসির দায়িত্ব ছাড়ার সময় মার্শাল বলেছিলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে দর্শকেরা নিরাপদ ও স্বচ্ছ ক্রিকেটই দেখছেন। তবে দুর্নীতিবাজরা সব সময় সুযোগ খুঁজছে, বিশেষ করে দুর্বলভাবে পরিচালিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।’

এবার বিসিবির সঙ্গে যুক্ত হয়ে তাকে বিশেষ নজর দিতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। দুর্নীতি দমনে অ্যালেক্স মার্শালের অভিজ্ঞতা ও কঠোর পদক্ষেপের নজির অনেক। এবার বিসিবিতে তার নাম লেখানো আশা জাগাচ্ছে নতুন করে!

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর