চট্টগ্রামে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, ৫৮ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় গভীর রাতে পুলিশের ওপর ছাত্র লীগ ও যুবলীগের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীসহ মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক কর্মী অংশ নেন। গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগের সদস্য। অন্য আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন।
আহত এসআই-কে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
◑ ফখ|চখ
