chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে স্কুলে প্রবেশ করে দুই শিক্ষককে পেটালেন আ’লীগ নেতার ভাতিজা

চট্টগ্রামের ফটিকছড়িতে ক্লাস চলাকালীন সময়ে স্কুলে প্রবেশ করে উত্তর জেলা আ’লীগ এর সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা রাশেদ চৌধুরী (৫০) এর বিরুদ্ধে দুইজন স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ রাশেদ চৌধুরী স্কুলে ঢুকে অফিস কক্ষে সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরীকে ইট দিয়ে আঘাত করেন। প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাঁধা দিতে গেলে তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকেন তিনি। পরে শিক্ষার্থীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বলেন, “অফিস কক্ষে প্রবেশ করে  রতন স্যারকে আঘাত করে। আমি বাঁধা দিলে আমাকেও পেটাতে থাকে। পরে শিক্ষার্থীরা এসে আমাদের উদ্ধার করে। এই ঘটনায় আমি হতবম্ব।”

‎ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান,” খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে উদ্ধার ও অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষক-শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর