মাদক সেবনের প্রমাণ পাওয়ায় চবিতে নিয়োগ স্থগিত দুই শিক্ষকের
নিয়োগ চূড়ান্ত হয়েও শেষ মুহূর্তে বাদ পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের দুই প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ মেলায় তাদের নিয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাট্যকলা বিভাগের প্রভাষক পদে লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন নাট্যকলা বিভাগের শিক্ষক পদ প্রার্থী গোলাম রাব্বানী ও ইমরুল আসাদ। কিন্তু চূড়ান্ত নিয়োগে বাধ সাধে ডোপ টেস্ট।
গত সোমবার, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ডোপ টেস্ট করালে দুজনের রিপোর্টেই গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পরীক্ষায় আমরা গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পেয়েছি। এটি স্পষ্টভাবে পজিটিভ ফলাফল।”
২৮ জুলাই একই দিনে নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। এরপরই চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয় ডোপ টেস্ট।
এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী সবার নিয়োগেই ডোপ টেস্ট বাধ্যতামূলক। যাদের রিপোর্ট পজিটিভ আসবে, তাদের আমরা নিয়োগ দেব না। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও নৈতিক মূল্যবোধ রক্ষা পাবে।”
শিক্ষক পদে তাদের চূড়ান্ত নিয়োগ হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, “যেখানে ছাত্র-ছাত্রীদের ডোপ টেস্ট করানো হয়, সেখানে এমন প্রার্থীকে কীভাবে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারি।”
ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে কাউকেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।
◑ ফখ|চখ
