chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদি আরবে মৃত্যু, মহসিনের মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি

সৌদি আরবে মারা যাওয়া বোয়ালখালীর প্রবাসী আবুল মহসিনের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

নিহত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দ নগরের বাসিন্দা।

সৌদি আরবে রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট ওই হাসপাতালে মারা যান।প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার ভাই কাজী এম নাসের।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল মহসিন সম্প্রতি সৌদি আরবের রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (৫ আগস্ট) তার মরদেহ হাসপাতালটির মর্গে রয়েছে। আবুল মহসিন দুই সন্তানের জনক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পক্ষে আবুল মহসিনের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না।

এক সপ্তাহ আগে আবুল মহসিনের বড় ভাই ওমান প্রবাসী আবুল মনসুর কোরবানির ঈদ উদযাপন করতে দেশে আসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।

নিহতের ছোট ভাই কাজী এম নাসের জানান, পরপর দুই ভাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। পরিবারে চলছে শোকের মাতম। মহসিনের ছোট দুইটি ছেলেমেয়ে রয়েছে। সরকার যদি সহায়তা করেন তাহলে আমার ভাইয়ের মরদেহ আনা সম্ভব হবে।

আবুল মহসিনের  স্ত্রী জানান,  আমার ২ বছর বয়সী এক ছেলে সন্তান ও ৮ বছর বয়সী এক মেয়ে সন্তান আছে। আমার স্বামীর মরদেহ দেশে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানান।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর