chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিসিআইইউতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সার্টিফিকেট প্রদান

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘কাট টু রিয়ালিটি’ শীর্ষক দুই দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালার পর চলচ্চিত্র প্রদর্শনী এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক নারী উন্নয়ন সংস্থা ‘কানেক্ট হার’।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে, গত ২২ ও ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৯ নং কক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের মোট ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চলচ্চিত্র নির্মাণ বিষয়ে মৌলিক ও নানা পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণের পর আটটি সল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ করেন অংশগ্রহণকারীরা।

সেসব চলচ্চিত্র প্রদর্শনের পর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের তৈরি চলচ্চিত্রে বিভিন্ন বাস্বব গল্প উঠে এসেছে। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা কর্মশালায় অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে। এখান থেকেই হয়তো উঠে আসবে দারুণ কোনো চলচিত্র নির্মাতা।

এসময় প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কর্মশালাটির প্রশিক্ষক এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের প্রফেসর এবং ইনডিপেনডেন্ট ফিল্মমেকার মাসুদুর রহমান। তিনি বলেন, আমি আগ্রহী চলচ্চিত্র নির্মাতাদের সাথে প্রক্রিয়াটির সংযোগ ঘটানোর চেষ্টা করেছি। অনেকেই নিজেদের নির্মিত চলচ্চিত্রে ভিন্নধর্মী গল্প তুলে আনার চেষ্টা করেছেন। কয়েকটি গল্প নিয়ে আরও কাজ করা যেতে পারে। সামনের দিনেও আগ্রহী চলচ্চিত্র নির্মাতাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানান তিনি।

এমন আয়োজনের জন্য পিসিআইইউ মিডিয়া ক্লাব ও কানেক্টহারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, শিক্ষার্থীরা দু’দিনব্যাপী কর্মশালায় নতুন কিছু শিখেছে। চলচ্চিত্র নির্মাণ বিষয়ে আমাদের কোর্সওয়ার্কও রয়েছে। সামনের দিনেও শিক্ষার্থীদের একাডেমিক কোর্সের সাথে সংযোগ রেখে এধরণের আয়োজনের চেষ্টা করবে বিভাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মিডিয়া ক্লাবের উপদেষ্টা ও সহকারি প্রক্টর লেকচারার তাসলিমা আক্তার ইরিন, লেকচারার রাশেদুল ইসলাম এবং পিংকি চাকমা, পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী, ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর