জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় নাগরিক মন চন্দ্র চাকমাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনে বগাখালী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তারা অবৈধভাবে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমাকে আটক করে।
আটক ব্যক্তি মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত।
বিজিবি জানায়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। তাকে জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী ও উপ-অধিনায়ক মেজর মো. লতিফুল বারী উপস্থিত ছিলেন।
- ফখ/চখ
