chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।     

মারা যাওয়া ব্যক্তির নাম আহমেদ কবির (৭২) আনোয়ারা উপজেলার আহমেদ রহমানের ছেলে।

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে ৬ জন এবং চিকুনগুনিয়ায় ১০১ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ এবং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ৭৬ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪৪৮ জন নগরীর এবং ৫০৩ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫১৬ জন পুরুষ, ২৭৭ জন নারী ও ১৫৮ জন শিশু।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫০৩ জন আক্রান্তের মধ্যে বাঁশখালীতে ১২৫, সীতাকুণ্ডে ১৪৬, লোহাগাড়ায় ৪১, সাতকানিয়ায় ৩৩, আনোয়ারায় ৩৮, রাউজান ২৫, কর্ণফুলীতে ১৫, পটিয়ায় ১২, মীরসরাইয়ে ১২, হাটহাজারীতে ১৩, চন্দনাইশে ৯, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৮, ফটিকছড়িতে ৮ ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

চখ/ককন

এই বিভাগের আরও খবর