পরিকল্পিতভাবে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছি : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বিএনপি পায়, আর জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা পরিকল্পিতভাবে দেশ পরিচালনার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। যেন সরকারের প্রথম দিন থেকেই কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনে আয়োজিত ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, দেশে দীর্ঘদিন ধরে একটি প্রকৃত নির্বাচিত সরকার না থাকায় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। নির্বাচিত সরকার থাকলে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়, কিন্তু অনির্বাচিত সরকারের কোনো জবাবদিহিতা থাকে না। জনগণের চাওয়া-পাওয়ার বিষয়টি একমাত্র একটি নির্বাচিত সরকারের কাছেই তুলে ধরা যায়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পর মানুষের মধ্যে এক ধরনের বড় পরিবর্তন এসেছে। মানুষের আশা-আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী। যারা এই আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধারণ করতে পারবে না, তারা রাজনৈতিক নেতা হোক বা রাজনৈতিক দল, তাদের আগামীর বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই
সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। সভায় রংপুরের পিছিয়ে পড়া অর্থনীতিকে সচল করতে করণীয়, শিল্প-বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চখ/ককন
