১৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। মামলায় ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান রিলায়েবল ট্রেডিংয়ের নামে ঋণ অনুমোদন করান। পরে সেই অর্থ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাৎ করে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
◑ ফখ|চখ
