বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নাটকে তারা
বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে প্রচারের জন্য একটি নাটক নির্মিত হয়েছে। আহসান আলমগীরের রচনায় নাটকটির নাম ‘দ্রোহ’। পরিচালনা করেছেন ইলন সফির। এ নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত।
গত ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এমনটাই জানালেন আবুল হায়াত। নাটকে আরও অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও মারিয়া ফারিহ উপমা।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ’ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে বেশ ভালোই লাগে। তাছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে আরও একটু বেশি ভালো লাগে। কারণ সবার অংশগ্রহণে একটা মিলনমেলাও হয়। কাজের ফাঁকে ফাঁকে গল্প-আড্ডায় মেতে উঠতে বেশ ভালো লাগে। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে আশা করছি।
আরজুমান্দ আরা বকুল বলেন, ‘আমাদের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় হায়াত ভাই। তার সঙ্গে এখন আগের মতো নিয়মিত কাজ করার সুযোগ হয়ে ওঠে না। তার সঙ্গে আবারও নাটকে অভিনয় করার সুযোগ হলো। এ বয়সেও তিনি এত সচেতন, কাজের প্রতি তার একাগ্রতা, মনোনিবেশ- সত্যিই ভীষণ মুগ্ধ করে।
আমরা যারা তার সঙ্গে এ নাটকে কাজ করেছি, আমরা তার সঙ্গে কাটানো সময়টাই আসলে ভীষণ উপভোগ করার চেষ্টা করেছি। দুই দিন বেশ সুন্দর সময় কেটেছে। নাটকটিও ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’
এদিকে আবুল হায়াত এরই মধ্যে তৌকীর আহমেদের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। যা শিগগিরই বিটিভিতে প্রচারে আসবে। এ ছাড়া আগামী মাসের শুরুতে তিনি নতুন একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করবেন।
পরিকল্পনা আছে তার নিজের নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা তার নিজের।
তাসু/চখ
