chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সকল কমিটি স্থগিত ঘোষণা

চাঁদাবাজিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশের সকল শাখা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

রিফাত রশিদ জানান, অর্গানুগ্রাম অনুযায়ী আজকের এই সময় থেকে কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সকল কমিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জানান, তারা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

রিফাত রশিদ এই ব্যানার ব্যবহার করে অপকর্ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

গত কয়েক দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এরই মধ্যে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা নিজেদের আন্দোলনের নেতা পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তারা রিমান্ডে থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি।

 

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর