chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাইলস্টোন ট্র্যাজেডি: ৮৫ শতাংশ দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেল শিশু মাহাতাব (১২)।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মাহতাব রহমান ভূঁইয়া উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিল মাহতাব।

মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মাহতাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ইনস্টিটিউটে ১২ জনের মৃত্যু হলো।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া জানান, তিনিই প্রতিদিন মাহতাবকে স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। কিন্তু বিমান বিধ্বস্তের আগুনে দগ্ধ হয় সে। পরবর্তীতে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যায়।

 

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর