চট্টগ্রামে বাড়ছে করোনার ভয়াবহতা, মৃত আরও ১
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মো. মুজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিমারা গেছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯।
সোমবার এমন তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
তিনি নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ছাড়াও তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ জনে।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত করোনা প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিরা সবাই শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়েছেন।
চট্টগ্রামে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করে। এ পর্যন্ত জেলায় মোট ২১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৯৫ জন নগরবাসী এবং বাকি ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। তাদের মধ্যে ৪ জন নগরীর, ৪ জন জেলার বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সতর্কতা হিসেবে নাগরিকদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
চখ/মীম
