সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের
শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলে-খেলা করল বাংলাদেশ। একেবারে হেসে-খেলে জয়! ঢাকার কিংস অ্যারেনায় আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই ৯–১ গোলে উড়িয়ে দিলেন স্বপ্না-সাগরিকারা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলে একের পর এক গোল করে গেছে বাংলাদেশের মেয়েরা। সাগরিকা করেন হ্যাটট্রিক!
ম্যাচের মাত্র প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। সরাসরি ফ্রি–কিক থেকে গোল করেন মিডফিল্ডার স্বপ্না রানী। এরপরই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দ্বিতীয় গোলটি এনে দেন মুনকি আক্তার। দ্রুত দুই গোল হজম করে শ্রীলঙ্কা ম্যাচে আর ফিরতে পারেনি। বাংলাদেশ বারবার আক্রমণে উঠেছে, সুযোগ তৈরি করেছে, আর শেষ পর্যন্ত গোল করে তার প্রতিদানও পেয়েছে।
প্রথমার্ধেই ৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। ডান প্রান্ত থেকে সিনহা জাহান শিখার ক্রসে আলতো শটে বল জালে জড়ান মোসাম্মাৎ সাগরিকা। যদিও এরপর আরও দুটি বল জালে পাঠিয়েছিল বাংলাদেশ, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়।
বিরতির পর গোল উৎসবে রীতিমতো গতি আসে। দ্বিতীয়ার্ধে আসে আরও ছয়টি গোল। মুনকি নিজের দ্বিতীয় গোলটি করেন সাগরিকার পাস থেকে। এরপর সিনহা জাহান, শান্তি মার্ডি, রুপা আক্তার এবং সাগরিকা আরও গোল করেন। সাগরিকা দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। বয়স মাত্র ১৭ বছর, কিন্তু তার গতি, কৌশল আর ফিনিশিং ছিল নজরকাড়া।
শ্রীলঙ্কা শেষ দিকে একটি সান্ত্বনার গোল পেলেও তা কোনো প্রভাব ফেলতে পারেনি ম্যাচের চিত্রে। বরং যোগ করা সময়ে শান্তি মার্ডির গোলেই ৯–১ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই আসরে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় চার দলের অংশগ্রহণে রাউন্ড-রবিন পদ্ধতিতে হচ্ছে এবারের সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে, সর্বোচ্চ পয়েন্টধারী দলই জিতবে শিরোপা।
সাফল্যের ভাণ্ডারে বয়সভিত্তিক সাফ আসরে বাংলাদেশ এমনিতেই এগিয়ে। আগের পাঁচ আসরের মধ্যে চারবারই তারা হয়েছে চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০২৪ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে জিতেছিল শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এবারের যাত্রা শুরু করল স্বপ্নময়ভাবে।
আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে টানা দুটি ম্যাচ খেলার পর ১৯ জুলাই আবার মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২১ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের গ্রুপ পর্ব।
- ফখ/চখ
