অস্থায়ী জেব্রা ক্রসিং স্থাপনের দাবি
বারইয়ারহাট মহাসড়কে আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবিতে স্মারকলিপি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বানিজ্যিক ও জনবহুল কেন্দ্র বারইয়ারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কার্যকর আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ – নাগরিক সমাজ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ ।
বৃহস্পতিবার মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর দেওয়া এক স্মারকলিপিতে তারা এই দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, বারইয়ারহাট বাজারস্থ মহাসড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক পথচারী চলাচল করে। এর মধ্যে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, রোগী, এমনকি শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। কিন্তু পথচারীদের নিরাপদ চলাচলের জন্য যে একটি মাত্র ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেটি অপ্রশস্ত, উচ্চতা ও নকশাগত দিক থেকে চলাচলের অনুপযোগী। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি সড়ক পার হচ্ছেন।
এই অনিরাপদ পারাপারের ফলে ইতোমধ্যে বহু প্রাণঘাতী দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরে গেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। নাগরিক সমাজ এবং ব্যবসায়ী বৃন্দ দাবি করেন, এই মহাসড়কটি শুধু স্থানীয় জনসাধারণের চলাচলের পথ নয়, এটি ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের কেন্দ্রবিন্দু।
স্মারকলিপিতে আরও বলা হয়, বারইয়ারহাট সড়কটি দিয়ে প্রতিদিন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের শত শত শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী ট্রাক ও যানবাহন চলাচল করে। যানবাহনের অতিরিক্ত চাপ, বাজার এলাকার ভিড় ও পথচারীর ঢল মিলিয়ে এই পথটি প্রতিনিয়ত ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্মারকলিপিদাতারা আরো বলেন, “এই বাস্তবতায় ধৈর্য ধারণের আর অবকাশ নেই। জনগণের নিরাপত্তা রক্ষা করা এখন কেবল সময়ের দাবি নয়, বরং এক রাষ্ট্রীয় কর্তব্য।”
তারা মনে করেন, একটি আধুনিক আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণ হলে— প্রাণঘাতী দুর্ঘটনার হার কমবে, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে,, যানজট ও বিশৃঙ্খলা কমবে, সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
স্মারকলিপিতে একটি তাৎক্ষণিক অনুরোধও জানানো হয়— যতদিন পর্যন্ত আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু না হবে, ততদিন দুইটি জেব্রা ক্রসিং স্থাপন করে ট্রাফিক পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রিত করা।
স্থানীয় নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি ইউছুফ মানিক, সহ সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাপ্পি, বারইয়ার হাট বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী প্রমুখ।
তাসু/চখ
